নিউজ ডেস্ক: দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৯৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৬১ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন।
বিভাগভিত্তিক হিসাবে হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ৩৮৫ জনের মৃত্যু হয়েছে। এরপর রয়েছে সিলেট বিভাগে ১৪৮ জন।
এ ছাড়া বরিশাল বিভাগে ৫১ জন, চট্টগ্রামে ৬৪ জন, খুলনায় ৩৩ জন, ময়মনসিংহে ৭৪ জন, রাজশাহীতে ৯২ জন এবং রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ১০০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জনে।
একই সময়ে ৭০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৭৯৬ জনের হামে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।