শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, চোরাই মালামাল, বিদেশি মুদ্রা ও নগদ টাকাসহ আলামিন শেখ (৩১) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। পৃথক আরেক অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মুকসুদপুর থানার পূর্ব মহারাজপুর গ্রামে অভিযান চালায়। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে আলামিন শেখকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে তার কাছ থেকে একটি চাইনিজ কুঠার, দুটি সুইচ গিয়ার চাকু, ১৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি আইফোন, চারটি ট্যাব, সাতটি বাটন ফোন, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ, নগদ ১ লাখ ৭৯ হাজার টাকা এবং বিভিন্ন দেশের ৭৭টি নোট উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার বিমানবন্দর এলাকাসহ বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দস্যুতা ও মাদকসহ মোট ছয়টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইন ও দণ্ডবিধিতে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে ডিবি পুলিশের অপর একটি দল মুকসুদপুরের হরিশ্চর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
সন্ধ্যা ৮টায় গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এ সময় পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ুন রশীদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিবি পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা প্রেস ব্রিফিংয়ে অংশ নেন।