লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হয়ে ফরম উত্তোলন করেছেন সাবেক ছাত্রনেতা এম.এ মমিন। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের করিম টাওয়ারস্থ সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এম.এ মমিন লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করতে কাজ করেছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান।
দলীয় নেতাকর্মীদের দাবি, সাংগঠনিক দক্ষতার কারণে এম.এ মমিন তৃণমূলে একজন পরিচিত সংগঠক হিসেবে কাজ করেছেন। তার নেতৃত্বে বিভিন্ন সময়ে অসংখ্য নেতাকর্মী দলীয় রাজনীতিতে সক্রিয় হয়েছেন। বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
বিগত আওয়ামী লীগ বিরোধী আন্দোলনেও তিনি রাজপথে সক্রিয় ছিলেন।
পরবর্তী সময়ে দলীয় কার্যক্রমে আরও সক্রিয় হয়ে বিএনপির সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি ইতিবাচকভাবে তুলে ধরতে কাজ করছেন তিনি।
রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন এম.এ মমিন। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্নভাবে সহযোগিতা করা এবং স্থানীয় মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে তার সমর্থকরা জানান।
এবার উত্তর হামছাদী ইউনিয়নবাসীর পাশে থেকে তাদের সেবা করার লক্ষ্য নিয়ে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন চেয়েছেন এম.এ মমিন। দলীয় মনোনয়ন পেলে ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।