স্টাফ করসপন্ডেন্ট নড়াইল : নড়াইল সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১২০ পিচ ইয়াবাসহ ফাতেমা বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। তবে তার স্বামী সৈয়দ হোসেন আলী (৪০) পলাতক রয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাগডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ফাতেমা বেগম উপজেলার বাগডাঙ্গা গ্রামের মৃত সৈয়দ রাজা আলীর ছেলে সৈয়দ হোসেন আলীর স্ত্রী এবং একই এলাকার মৃত আহমেদ শিকদারের মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদ পেয়ে বুধবার বিকেলে ডিএনসির একটি দল উপজেলার বাগডাঙ্গা গ্রামে অভিযান চালায়। অভিযানে ফাতেমা বেগমকে হেফাজতে নিয়ে তার দেহ তল্লাশি করে ডিএনসি সদস্যরা। এ সময় তার হাতে থাকা নীল রঙের জিপারে পলিথিনে মোড়ানো অবস্থায় ১২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে অভিযানের সময় ফাতেমার স্বামী সৈয়দ হোসেন আলীকে পাওয়া যায়নি।
ডিএনসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফাতেমা বেগম এলাকায় দীর্ঘদিন ধরে তার স্বামীর সঙ্গে অবৈধ মাদকদ্রব্যের ব্যবসা করে আসছেন বলে স্বীকার করেছেন।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, আটক ফাতেমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।