মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় ১৩টি ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার অভিযোগে ৯ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে তাদের মধ্যে একজনকে এক বছর এবং অপর ৮ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন মানিকগঞ্জ সদরের পূর্ব দাশড়া এলাকার মিজানুর রহমান, গাজীপুরের তেলিপাড়া এলাকার রুবেল, জামালপুরের তুলসীপুর এলাকার সোহেল রানা, ঢাকার বাড্ডা এলাকার ইমন হাসান ও তুহিন, গাজীপুরের দিঘিরচালা এলাকার ইব্রাহিম খলিল, ঢাকার বাড্ডা এলাকার মাসুদ জানা, টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার হুমায়ুন কবির এবং ঢাকার বড় বেরাত এলাকার মারুফ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে জাগীর এলাকার একটি পুরোনো কারখানার গোডাউনে অভিযান চালায় পুলিশ। সেখানে ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাত করার সময় ৯ জনকে আটক করা হয়। পরে বুধবার তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে কারাদণ্ড দেওয়া হয়।
তিনি জানান, সিংগাইর উপজেলার হিরু নামের এক ব্যক্তি তাদের ভাড়া করে ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাতের চুক্তি করেছিলেন। এসব মাংস ঢাকা ও আশপাশের বিভিন্ন হোটেলে পাঠানোর কথা ছিল।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন বলেন, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে তাদের দণ্ড দেওয়া হয়েছে।