আবদুল মান্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সেক্টরের সীমান্তবর্তী ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষার পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তায় চারটি ব্যাটালিয়নের প্রায় দুই থেকে আড়াই হাজার সদস্য মোতায়েন রয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কালীমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান।
তিনি জানান, সীমান্ত থেকে আট কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা দিচ্ছে বিজিবি। এ জন্য ৬৫টি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) পাশাপাশি ছয়টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। নিয়মিত টহলের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এর আগে বিজিবি কর্মকর্তারা পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে বিজিবির পক্ষ থেকে পূজামণ্ডপে ফল বিতরণ করা হয়। এ সময় ১০ বিজিবির অধিনায়ক মীর আলী এজাজসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।