মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ফুলবাড়ীতে বিজয়া দশমী উপলক্ষে শতবর্ষী ঐতিহ্যবাহী দুর্গামেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) শহরের ছোট যমুনা নদীর পশ্চিম পাড়ে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে এ মেলা বসে। মেলাকে ঘিরে দুপুর থেকে বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে।
মেলায় শাঁখা, সিঁদুর, চুড়ি, খেলনা, মিষ্টান্ন, গুড়ের জিলাপি, মাটির তৈরি শোপিস, মৌসুমি ফলসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। প্রতিমা দর্শন ও কেনাকাটার পাশাপাশি ঐতিহ্যবাহী এ মেলায় আনন্দে মেতে ওঠেন দর্শনার্থীরা।
স্থানীয় জ্যোতিশ চন্দ্র রায় (৬৮) জানান, ছোটবেলায় বাবার সঙ্গে মেলায় আসতেন, এখন নাতি-নাতনিদের নিয়ে আসেন। তাঁর ভাষ্য, অতীতে ফুলবাড়ীর জমিদাররা বিজয়া দশমীতে এ মেলার আয়োজন করতেন। নবাবগঞ্জের আসাদুল ইসলামও দীর্ঘ ৪২ বছর ধরে মেলায় খেলনা টমটম বিক্রি করছেন।
ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির নেতারা জানান, এ মেলা ফুলবাড়ীর ঐতিহ্যের অংশ। প্রতিবছর এখানে ফুলবাড়ীসহ আশপাশের এলাকার অন্তত ১০ হাজার মানুষের সমাগম ঘটে।
ফুলবাড়ী থানার ওসি মো. শহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ জানান, দুর্গোৎসব ও মেলাকে ঘিরে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, বিজিবি, আনসার ও উপজেলা প্রশাসন নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেছে।