উপজেলা প্রতিনিধি, কুলাউড়া :: মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে সমিতির কার্যালয়ে সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইয়ের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী নভেম্বর থেকে আয়োজিতব্য বাণিজ্য মেলা বন্ধের আহ্বান জানিয়ে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান ও সাক্ষাৎ করে আপত্তি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সাধারণ সভা আহ্বান করে পরবর্তী কর্মসূচি নির্ধারণের সিদ্ধান্ত হয়।
ব্যবসায়ী নেতারা বলেন, দোকানভাড়া, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল ও করসহ বিভিন্ন ব্যয় বহন করে বর্তমান সময়ে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় বাণিজ্য মেলা আয়োজন করা হলে বাইরের নিম্নমানের পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।
তাঁদের আরও দাবি, মেলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। তাই কুলাউড়ায় বাণিজ্য মেলা আয়োজন না করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।
সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই সভার বিষয়টি নিশ্চিত করে বলেন, কুলাউড়ায় বাণিজ্য মেলা বন্ধের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।