মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: দশ দিন নিখোঁজ থাকার পর মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের কলেজশিক্ষার্থী রিদয়ন আনসারী (২৫) পরিবারের কাছে ফিরেছেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, সোমবার রাতে অপহরণকারীরা তাঁকে মির্জাপুর এলাকায় ফেলে যায়।
পরদিন সকালে এক ট্রাকচালকের সহায়তায় নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছে এক পাঠাওচালকের ফোন থেকে মায়ের সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকার বাসায় নিয়ে যান।
রিদয়ন ঘিওর উপজেলার মৃত আব্দুল মান্নান আনসারীর ছোট ছেলে। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর নিউ ইস্কাটনে থাকেন। বিবিএ পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন।
পরিবার ও রিদয়নের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে বড় বোনের বাসা থেকে ঢাকার মগবাজারের উদ্দেশে রওনা হন তিনি। আব্দুল্লাহপুর থেকে মগবাজারগামী প্রভাতী বনশ্রী বাসে ওঠার পর বাসটি উত্তরা আজমপুর এলাকায় পৌঁছালে মাস্ক পরা এক ব্যক্তি তাঁর পাশে বসেন। এরপরই রিদয়ন সচেতনতা ও স্মৃতি হারিয়ে ফেলেন। রাত সাড়ে ৯টার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
রিদয়নের বড় ভাই শাহরিয়ার আনসারী জানান, তাঁকে একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল। সারাক্ষণ হাত ও চোখ বেঁধে রাখা হতো এবং দিনে মাত্র একবার খাবার দেওয়া হতো।
নিখোঁজ হওয়ার পরদিন, ২৫ অক্টোবর ভোরে, পরিবারের কাছে অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনে রিদয়নকে জীবিত ফেরত দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা দাবি করা হয়। স্বজনেরা বিকাশ ও নগদের বিভিন্ন নম্বরে কয়েক দফায় মোট ৪০ হাজার টাকা পাঠান। পরিবারের দাবি, টাকা নেওয়ার পরও তাঁকে ছাড়া হয়নি; বরং অপহরণকারীরা যোগাযোগ বন্ধ করে দেয়। চক্রটি রিদয়নের মোবাইল ফোন, ইমেইল, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ডও হাতিয়ে নেয় বলে জানিয়েছেন স্বজনেরা।
সোমবার রাতে চোখ বাঁধা অবস্থায় তাঁকে একটি গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় বলে পরিবার জানিয়েছে। পরদিন সকালে এক ট্রাকচালকের সহায়তায় নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছান রিদয়ন। সেখান থেকে এক পাঠাওচালকের ফোন ব্যবহার করে মায়ের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে স্বজনেরা নবীনগর স্মৃতিসৌধের সামনে গিয়ে তাঁকে নিয়ে ঢাকার মগবাজারের বাসায় ফেরেন।
পরিবারের দাবি, দীর্ঘ সময় বন্দি থাকার কারণে রিদয়ন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর জ্বর ও শরীরব্যথা রয়েছে, কথাও কিছুটা অস্পষ্ট। চিকিৎসকের কাছে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার।
এ ঘটনায় ২৫ অক্টোবর রিদয়নের খালাতো ভাই ফয়সল মাহমুদ কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে র্যাব-৩-এর খিলগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডারের কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়।
রিদয়নকে উদ্ধারের দাবিতে গত সোমবার দুপুরে ঘিওরের বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানববন্ধন ও বিক্ষোভ হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।