গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :: বরিশালের গৌরনদীতে ব্যাংকে প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ টাকা জমা দিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন আশোকাঠী ফিলিং স্টেশনের সুপারভাইজার মো. মহিউদ্দিন তালুকদার (২৮)। নিখোঁজের দুই দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। তবে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় স্থানীয় একটি জঙ্গলের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরিবার, সহকর্মী ও মালিকপক্ষের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
ফিলিং স্টেশন সূত্রে জানা গেছে, গত সোমবার (৯ নভেম্বর) বেলা ৩টার দিকে প্রতিষ্ঠানের ৪ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা জমা দিতে উপজেলা পরিষদ সংলগ্ন মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন মহিউদ্দিন। এরপর থেকেই তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং তাঁর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তিনি কর্মস্থলে না ফেরায় সহকর্মীরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে আশোকাঠী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জাহিদ হোসেন জানান, স্বজন ও পরিচিতদের বাড়িসহ বিভিন্ন স্থানে তন্ন তন্ন করে খুঁজেও মহিউদ্দিনের কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে আশোকাঠী এলাকার জমিদার মোহন লাল সাহার বাড়িসংলগ্ন একটি জঙ্গলের পাশে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পরপরই সোমবার দিবাগত রাতে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
নিখোঁজ মহিউদ্দিন উপজেলার গোবর্ধন গ্রামের বাসিন্দা মো. হুমায়ুন কবির তালুকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আশোকাঠী ফিলিং স্টেশনের সুপারভাইজার হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। এলাকায় তিনি নম্র, ভদ্র ও বিনয়ী যুবক হিসেবে পরিচিত।
আশোকাঠী ফিলিং স্টেশনের মালিক আলহাজ মো. আলাউদ্দিন ভূঁইয়া বলেন, মহিউদ্দিন অত্যন্ত সৎ ও দায়িত্বশীল একজন কর্মী। দীর্ঘদিন ধরে অত্যন্ত বিশ্বস্ততার সাথে তিনি প্রতিষ্ঠানে কাজ করছেন। এর আগেও তাঁর কাছে ফিলিং স্টেশনের বড় অঙ্কের অর্থ গচ্ছিত ছিল। ফলে সামান্য টাকা নিয়ে তাঁর আত্মগোপনে যাওয়ার প্রশ্নই ওঠে না। তাঁর এই রহস্যজনক নিখোঁজের পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখে দ্রুত তাঁকে উদ্ধারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
এদিকে, প্রিয়জনের কোনো হদিস না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন মহিউদ্দিনের পরিবার। ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে কীভাবে তিনি নিখোঁজ হলেন এবং বাইকটি কেন জঙ্গলে পাওয়া গেল তা নিয়ে স্থানীয়দের মাঝে নানা রহস্য ও গুঞ্জন সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, নিখোঁজ সুপারভাইজারকে দ্রুত উদ্ধার এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।