নিজস্ব প্রতিবেদক :: নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতা পেরিয়ে প্রতিষ্ঠার ৩৩ বছর পর রাজধানীর পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রোভার স্কাউট গ্রুপ। গত শনিবার (৭ নভেম্বর) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্রুপটির উদ্বোধন ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উদ্যোগকে কলেজের শিক্ষা, শৃঙ্খলা, নেতৃত্ব বিকাশ ও সহশিক্ষা কার্যক্রমে নতুন অধ্যায় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি সাঈদুল হোসেন সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এ কে এম হাফিজুল্লাহ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. মঈনুল হক মঈন, স্কাউটসের ঢাকা অঞ্চলের কমিশনার ওমর আলী, নায়েমের উপপরিচালক আয়েশা আক্তার, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবিশ, ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খালেকুজ্জামান জুয়েল এবং এমডিসি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন।
বক্তারা শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ, মানবিকতা ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ উদ্যোগ নারী শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ এবং সৃজনশীল ও নেতৃত্বদানের সক্ষমতা বৃদ্ধিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
তারা কলেজের শিক্ষা কার্যক্রমের অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক কল্যাণে সহযোগিতার আশ্বাস দেন। বর্ণাঢ্য এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
এদিকে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে শহীদ জিয়া মহিলা কলেজের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সামাজিক সেবা, নেতৃত্ব বিকাশ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবে।