মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, নতুন ব্যবসায়িক উদ্যোগ সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি-২০২৬’ বাস্তবায়নবিষয়ক এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় কুলাউড়া উপজেলার একটি অভিজাত রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংক পিএলসি কুলাউড়া শাখার ব্যবস্থাপক উত্তম কুমার সরকার।
এ সময় অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংকসহ কুলাউড়া উপজেলার ২২টি ব্যাংক শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, তরুণ উদ্যোক্তারাই দেশের ভবিষ্যৎ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলা এবং বেকারত্ব হ্রাসে তরুণদের সহজ শর্তে ও দ্রুত অর্থায়নের আওতায় আনা প্রয়োজন। এ ক্ষেত্রে উদ্যোক্তা নির্বাচন, তাদের সম্ভাবনা যাচাই এবং প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রদানে ব্যাংকগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
সভায় কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আন্তরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ কর্মসূচির মাধ্যমে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসার সুযোগ পাবেন এবং তাদের উদ্যোগ দেশের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।