শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :: গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার সকাল থেকে জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ, আনসার, এপিবিএন এবং বিজিবি সদস্যরা জেলার সর্বত্র অত্যন্ত সক্রিয় রয়েছেন। শহরের অলিগলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যৌথ বাহিনীর নিয়মিত টহল অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত জেলায় কোথাও কোনো অপ্রীতিকর বা সহিংসতার ঘটনা ঘটেনি।
মঙ্গলবার সকাল ১১টায় ২৩ নম্বর আনসার ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান গনী জানান, আইনশৃঙ্খলা রক্ষায় তাঁদের বাহিনী আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ ব্যবহারের পরিবর্তে বিকল্প পন্থা অবলম্বন করবে। শব্দ বাঁশি ও নিজেদের উপস্থিতির মাধ্যমেই তাঁরা শান্তি ও শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবেন। বর্তমানে ৮ প্লাটুন আনসার সদস্য বিভিন্ন স্থানে সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন এবং অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথ টহল ও নির্দিষ্ট স্থানে দায়িত্ব পালন করছেন।
এদিকে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, গত ১৫ তারিখের সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে এ ঘটনায় সদর থানা পুলিশ ৭ জনকে আটক করেছে। তিনি আরও জানান, আজ এখন পর্যন্ত কোথাও কোনো সহিংসতা বা নাশকতার খবর পাওয়া যায়নি এবং বর্তমানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে।