প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ২:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ
ঘিওরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : মানিকগঞ্জের ঘিওরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী সজীব মিয়া (৩০)। শনিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বালিয়াখোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম উর্মি আক্তার (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে শনিবার রাতে স্ত্রী উর্মি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন সজীব। এ সময় উর্মির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে তাঁদের সামনেই নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
পরে স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক উর্মি আক্তারকে মৃত ঘোষণা করেন। সজীব মিয়া বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের দাবি, সজীবের জুয়ায় আসক্তি এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগকে কেন্দ্র করে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। তবে এসব অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান নিহত উর্মি আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর স্বামী সজীব মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ