
নিউজ ডেস্ক: টেলিভিশনে প্রামাণ্যচিত্র কিংবা সিনেমা দেখার সময় চোখের সামনে ভেসে ওঠা দৃশ্যগুলোকে আরও জীবন্ত করে তুলতে কাজ করছে আধুনিক প্রযুক্তি। অনেকেরই ধারণা টেলিভিশনের পর্দার প্রাণবন্ত ভাব কেবল উচ্চ রেজল্যুশনের ওপর নির্ভর করে। তবে ছবির মান মূলত নির্ভর করে পর্দায় রঙের স্বাভাবিকতা, আলোর নিখুঁত নিয়ন্ত্রণ এবং দৃশ্যের সূক্ষ্ম খুঁটিনাটি স্পষ্ট হয়ে ওঠার ওপর। এই বিষয়গুলোকে আরও উন্নত করতে টেলিভিশন নির্মাতারা প্রতিনিয়ত নতুন প্রযুক্তি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি বাজারে এসেছে মাইক্রো আরজিবি নামক একটি উদ্ভাবনী প্রযুক্তি, যা দর্শকদের দেখার অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে দিচ্ছে।
প্রচলিত এলইডি টেলিভিশনে সাধারণত নীল এলইডি ব্যাক লাইটের সঙ্গে নানা স্তর ব্যবহার করে বিভিন্ন রঙের সৃষ্টি করা হয়। কিন্তু মাইক্রো আরজিবি প্রযুক্তির কর্মপদ্ধতি সম্পূর্ণ আলাদা এবং উন্নত। এই প্রযুক্তিতে লাল, সবুজ ও নীল রঙের জন্য আলাদাভাবে এলইডি ব্যবহার করা হয়ে থাকে। এর ফলে আলাদা কোনো ফিল্টারের প্রয়োজন হয় না এবং রঙের ধরন ও আলোর উজ্জ্বলতা অত্যন্ত নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এই বিশেষ ব্যবস্থার কারণে ছবির সামগ্রিক মানে দারুণ পরিবর্তন আসে এবং দর্শকরা আরও উন্নত দৃশ্য উপভোগ করতে পারেন।
নতুন এই প্রযুক্তির সবচেয়ে বড় প্রভাব দেখা যায় পর্দার ছবির বৈচিত্র্য ও রঙের সূক্ষ্ম শেডগুলোর ক্ষেত্রে। একই রঙের ভিন্ন ভিন্ন শেডের মধ্যকার পার্থক্যগুলো এখন আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। এছাড়া এক রং থেকে অন্য রঙে পরিবর্তনের প্রক্রিয়াটিও অত্যন্ত মসৃণ হয়। বিশেষ করে প্রাকৃতিক দৃশ্য, রঙের বৈচিত্র্য কিংবা আলোছায়ার পরিবর্তন রয়েছে এমন দৃশ্যগুলোতে এই প্রযুক্তির সুফল সবচেয়ে বেশি টের পাওয়া যায়। পর্দার প্রযুক্তি ছাড়াও বর্তমানের আধুনিক টিভিতে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করা হচ্ছে, যা বিষয়বস্তু বিশ্লেষণ করে রং ও কন্ট্রাস্ট স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করতে পারে।
যাঁরা টেলিভিশন কেনার সময় ছবির মানকে সর্বোচ্চ গুরুত্ব দেন এবং বাজেট নিয়ে খুব একটা ভাবেন না, তাঁদের জন্য মাইক্রো আরজিবি টিভি একটি চমৎকার পছন্দ হতে পারে। সিনেমাপ্রেমী থেকে শুরু করে নিয়মিত খেলাধুলা বা ভিডিও গেমপ্রেমী সবাই এর মাধ্যমে উন্নত অভিজ্ঞতা লাভ করতে পারবেন। তবে ভালো মানের ছবি দেখার জন্য কেবল এই প্রযুক্তিই একমাত্র বিকল্প নয়। বাজারে প্রচলিত মিনি এলইডি ও ওএলইডি প্রযুক্তির টেলিভিশনগুলোও ক্রেতাদের পছন্দ অনুযায়ী কেনার সুযোগ রয়েছে। মূলত ব্যক্তির নিজস্ব পছন্দ, প্রয়োজন এবং সামর্থ্য অনুযায়ী উপযুক্ত টেলিভিশন নির্বাচন করা উচিত।