শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ১০ দিনের কর্মসূচির শেষ পর্যায়ে ঘোষিত ৪৮ ঘণ্টার সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে গোপালগঞ্জে ব্যাপক বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার (২৯ নভেম্বর) ভোর থেকেই জেলা শহর এবং ঢাকা-খুলনা মহাসড়কের (বিশ্বরোড) বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন দলটির হাজার হাজার নেতাকর্মী। এর ফলে জেলা শহরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে।
সকাল থেকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট, বটতলা, চৌরঙ্গী, উপজেলা মোড় এবং গোবরা এলাকার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল ও স্লোগান দিতে দেখা যায়। একইভাবে বিশ্বরোডের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) গেট, ঘোনাপাড়া মোড় থেকে বেদগ্রাম মোড় এবং কুয়াডাঙ্গা মোড় পর্যন্ত সড়কের সর্বত্রই অবরোধকারীরা অবস্থান নেন। কর্মসূচি চলাকালীন দুপুরে শহরের বিভিন্ন সড়কেই অবস্থানরত নেতাকর্মীদের জন্য খাবার ও পানীয় সরবরাহ করা হয় এবং অনেককে সড়কে বসেই দুপুরের খাবার খেতে দেখা গেছে।
কর্মসূচির অংশ হিসেবে শহরের ঘোনাপাড়া মোড়ে ‘আলিম চত্বর’ নামসংবলিত ব্যানার ও ফেস্টুন টাঙিয়ে একটি অস্থায়ী প্যান্ডেল তৈরি করা হয় এবং সেখানে দিনভর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ২০২৪ সালে দায়েরকৃত দিদার হত্যা মামলার আসামি হিসেবে কারাবন্দী অবস্থায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ডা. আলিম চৌধুরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেন। ডা. আলিম চৌধুরীর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গড়ে তোলা এই ‘আলিম চত্বর’ গোপালগঞ্জ তথা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি যথাযোগ্য উপাখ্যান হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এদিকে, দিনব্যাপী এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুরো জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে ও দৃশ্যমান টহলে দেখা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর পাওয়া যায়নি। পাশাপাশি, অবরোধ ও লকডাউন পালনকারীদের পক্ষ থেকে কোনো সরকারি, বেসরকারি কিংবা ব্যক্তিগত স্থাপনা ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর বা অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত হওয়া গেছে। আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) এই ৪৮ ঘণ্টার লকডাউনের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত হওয়ার কথা রয়েছে।