শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

কেন এত ভয়াবহ পরিণতি হবে

নিউজ ডেস্ক :: না মানে না। কোনো পতিতাও যদি মনে করে আজকে আমি খদ্দের নিবো না, সেটা করার অধিকার তার আছে। ‘না’ বলতে পারাটা একটা নারীর মানবিক অধিকার বলেই মনে করেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।

সম্প্রতি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পরিণতি’ তে অত্যাচারিত হওয়া এক নারীর চরিত্রে অভিনয় করেছেন নওশাবা। সেখানে তিনি একজন ট্রাক ড্রাইভারের স্ত্রী। যে সারাদিন ঘরের কাজে ব্যস্ত থাকে। রাতে স্বামী বাড়ি ফিরলে তার দায়িত্ব হচ্ছে শারীরিকভাবে স্বামীকে খুশি করা। যে নারীর অনুভূতির মূল্য তার স্বামীর কাছে নেই। ‘লুৎফা’ সমাজের সেই স্তরের নারী চরিত্র যাদের নিজস্বতা বলে কিছু নেই।

নওশাবা আরটিভি নিউজকে জানান, ‘আমার প্রত্যেকটা কাজে একটা ম্যাসেজ থাকে। সেভাবে বেছে বেছেই আমি শর্টফিল্মে কাজ করি। এই কাজটা যখন করা হয়েছে তখনও সেভাবেই ইনপুট দিয়েছি। সামাজিক দায়িত্ব থেকেই এই কাজগুলো করা হয়। এছাড়া এই শ্রেণির সাথে আমার খানিকটা জানাশোনা আছে। বলা চলে, এই গল্পটা বাংলাদেশের একটা স্তরের নারীদের সকলেরই। আমরা আমাদের সম্পর্কের মধ্যে মানবিকতা হারাচ্ছি বলেই এই পরিণতি হচ্ছে।’

তিনি বললেন, ‘একজন স্বামী যদি তার ভালো লাগা, খারাপ লাগার প্রতিফলন ঘটাতে পারে তাহলে স্ত্রী কেন পারবে না? তারও শরীর খারাপ থাকতে পারে, স্বামীর কাছে মানবিক কোন আবদার থাকতেই পারে। সেগুলোর জন্য কেন এত ভয়াবহ পরিণতি হবে?’

এই অভিনেত্রীর ভাষ্যমতে- আমাদের সমাজে এমন অনেক নারী আছে, যাদের স্বামী নির্যাতন করলেও সমাজ বা পরিবার কারো কাছেই বলতে পারে না। আইনি সহায়তার বিষয়গুলোও তারা জানেন না। উকিলের কাছে যাওয়ার মতো ক্ষমতাও নেই। এমনকি বাবার বাড়িতেও যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। মনে হয়, বিয়ে দিয়ে মেয়ের প্রতি তাদের সব দায়িত্ব শেষ হয়ে গেছে।

বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, স্বামীরা তাদের ঐচ্ছিক লালসাকে পুষতে গিয়ে স্ত্রীর অন্তরের চাহিদাকে উপেক্ষা করে। স্ত্রীর অনিচ্ছায় তার শরীর ভোগ করতে চায়। স্বামীর নির্যাতন সহ্য করেও তারা স্বামীর জন্য রান্না করেই প্রতিদিনের সকাল শুরু করে। তারা তাদের কষ্টের কথাগুলো কাউকে বলতে যায় না।

এই স্বল্পদৈর্ঘ্যে যে পরিণতি দেখানো হয়েছে, তাতে স্বামী বা স্ত্রী কারো জয় হয়নি। মানুষ যখন মানবিকতা হারিয়ে ফেলে, কোনো সম্পর্কের মধ্যে সম্মান না রাখে তখন দুজনেরই পরাজয় হয়। কোনো একটা পবিত্র সম্পর্কে ছন্দপতন ঘটলে সেই সম্পর্কের পরাজয়টা স্বাভাবিকই বটে!

এনএস/এম


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: