শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে ভারত শেখ হাসিনাকে প্রত্যপর্ণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার জাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলা ময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকা কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার কন্যাসন্তান প্রসব রাজধানীতে সকালে তাপমাত্রা কতটা বাড়ল, আজ কি কমবে সরকারি কর্মচারীরা কি জনগণের প্রভু রাতে পা ঠান্ডা হয়ে যাচ্ছে? কী করবেন

গিয়াস উদ্দিন সেলিমের গুনিন-এ নুসরাত ফারিয়া

নিউজ ডেস্ক :: দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী তিনি। গ্ল্যামার, মেধা আর স্মার্টনেসের কারণে অন্য এক উচ্চতায় পৌঁছে গেছেন এই অভিনেত্রী। তার অভিনীত প্রতিটি সিনেমা ছিল তথাকথিত বাণিজ্যিক ঘরানার। কিন্তু ফারিয়া এখন নিজের কাজের ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন এনেছেন। এরই মধ্যে বেশকিছু গল্পনির্ভর শৈল্পিক সিনেমায় যুক্ত হয়েছেন। গতকাল শনিবার (২৮ আগস্ট) সেই তালিকায় যুক্ত হলো আরেকটি সিনেমা। ‘মনপুরা’খ্যাত গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত ফারিয়া।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুনিন’ অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি। ছোটগল্পের নাম অনুসারেই ফিচারফিল্মের নামকরণ করা হয়েছে। অক্টোবর থেকে গুনিন এর শুটিং শুরু হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ লিখছেন গিয়াস উদ্দিন সেলিম নিজেই। এটি একটি দেশীয় ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে সিনেমা হলেই আগে মুক্তির কথা ভাবছে প্রযোজনা প্রতিষ্ঠান।

নুসরাত ফারিয়া বলেন, ‘আমি সত্যি আপ্লুত। কারণ গিয়াসউদ্দিন সেলিম আমার সব সময়ের পছন্দের নির্মাতা। তার মনপুরা দেখার পরই মুগ্ধতা কাজ করতে শুরু করে। তার সিনেমা মানেই অন্যরকম গল্প। চেনামুখকে নতুনভাবে দেখা, নতুনভাবে আবিষ্কার করা। সেই পরিচালকের সঙ্গে কাজের ইচ্ছা সব সময়ই ছিল। এবারই প্রথম নয়, এর আগেও তার একাধিক কাজে আমি কাজ করবো করবো করেও করা হয়নি। ফাইনালি ‘গুনিন’-এ সেই যাত্রা শুরু হলো। আমি হচ্ছি তার ‘রাবেয়া’।’

তিনি আরও বলেন, ‘ছবিটির গল্পই সম্পূর্ণ আলাদা। কারণ এটি এ সময়ের গল্প নয়। প্রায় ৫০ বছরের ঘটনাপ্রবাহ দেখানো হবে। আমার রাবেয়া চরিত্রটি তৎকালীন মুসলিম রক্ষণশীল সমাজের এক নারী। চরিত্রটি মানুষ মনে রাখবে অনেক দিন। এতদিন নুসরাত ফারিয়াকে দর্শক যেভাবে দেখেছেন এটি তা থেকে একেবারেই বিপরীত মেরুর সিনেমা। ফলে আমাকে প্রস্তুতিও নিতে হবে সেভাবে।’

নুসরাত ফারিয়া ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করবেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, শরিফুল রাজ, মোস্তফা মনোয়ার, নায়লা আজাদ নূপুর, দিলারা জামান, শিল্পী সরকার অপুসহ অনেকেই।

উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় রয়েছে গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘পাপ-পূন্য’। যেটি স্কুল, কলেজ খুললেই মুক্তি দেয়া হবে। অন্যদিকে বলিউডের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন। এছাড়া তার হাতে আছে কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক অঙ্কুশ হাজরার সঙ্গে ‘বিবাহ অভিযান ২’ সিনেমাটি।

এনএস


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: