শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক :: নিরাপদ খাদ্য নিশ্চিতে মাঠ পর্যায়ে জনসচেতনতার কাজ করছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আজ মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তদারকি দলের সঙ্গে ছিলেন তিনি। বাজার মনিটরিংয়ে অংশ নেওয়ায় নায়ক ফেরদৌসকে অনেকে সমালোচনা করেছেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তদারকি দলে নায়ক ফেরদৌসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে অনেকেই সমালোচনা করেছেন। ভিডিওর কমেন্টে সাগর আহমেদ সুমন নামে একজন লিখেছেন, ‘কেউ ফেরদৌস ভাইয়ের বাসায় ফ্রিতে ইফতার পাঠানোর ব্যবস্থা করেন, সে অনেক কষ্ট করতাছে।’
মো. আরিফ নামে আরেকজন লিখেছেন, ‘ভাইরাল হতে আইছে… সামনে নির্বাচনে দাঁড়াবে… তাই নমিনেশন কনফার্ম করতে এত কিছু।’ খান মোহম্মদ নাসির নামে একজন কমেন্ট করেছেন, ‘দেশের কোন আইনে সাধারণ মানুষ প্রশাসনের দায়িত্ব নিতে পারে, ওকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’
বেইলি রোডে প্রচারণায় গিয়ে ফেরদৌস বলেন, ‘পবিত্র রমজানে মানুষকে সচেতন করতে গতকাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মসূচিতে গতকাল আমি চকবাজারে গিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি রাজধানীর বেইলি রোডে। কারণ চক বাজার ও বেইলি রোডের ইফতারের একটি ঐতিহ্য রয়েছে। ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে এখানে মানুষ ইফতার কিনতে আসেন। আমার এখানে আসা মূলত মানুষকে সচেতন করতে। কারণ আমরা যে খাবারটা খাচ্ছি তা কতটুকু স্বাস্থ্যসম্মত, কতটুকু আমাদের জন্য নিরাপদ। আর যারা খাবারটা বিক্রি করছেন তাদেরকেও সচেতন করা। এই বোধটুকু মানুষের মধ্যে উন্মেষ ঘটনাতে আমার এখানে আসা।’
তিনি আরও বলেন, ‘নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে আমি গত বছর থেকে কাজ করছি। গতকাল আমরা যে চকবাজার এলাকায় গেছি, সেটার ইমপ্যাক্ট কিন্তু অনেক পড়েছে। দেশ এবং দেশের বাইরে থেকে আমাকে ফোন করে অনেকে বলেছেন, আপনাদের এই উদ্যোগটা ভালো। এই উদ্যোগ যদি পুরো রমজান মাস জুড়ে নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। কারণ রমজান মাসে ভুলভাল ইফতার করে প্রচুর মানুষ অসুস্থ হয়। আর এ বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই উদ্যোগ।’