শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

বিয়ের প্রশ্নে বিজয়-তামান্নার কান ঝালাপালা

গেল বছরে বর্ষবরণ অনুষ্ঠানে ক্যামেরাবন্দী হয়েছিলেন তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। এরপর থেকেই শুরু হয় তাদের প্রেমের গুঞ্জন। ‘লাস্ট স্টোরিজ-টু’ ওয়েব সিরিজের শুটিংয়ের সময় একে অপরের কাছাকাছি আসেন তারা।

সম্পর্ক নিয়ে যখন চলছে তুমুল চর্চা তখন বিজয়ের সঙ্গে প্রেমের কথা স্বীকার করে নেন তামান্না। এরপর থেকেই শুনতে হয় বহুল চর্চিত সেই প্রশ্ন—বিয়ে করছেন কবে?

বিজয়-তামান্না নিজেদের বিয়ে নিয়ে এখনও কোনো মন্তব্য না করলেও অনুরাগীর প্রশ্নের উত্তর দিলেন বিজয়। তিনি জানালেন, একই প্রশ্ন শুনে কান ঝালাপালা হয়ে যাচ্ছে তার।

শুধু বাইরের লোকজন নয়, বাড়িতেও নাকি প্রায় প্রতিদিন এ প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিজয়কে। মাকে ফোন করলেই নাকি তিনি ছেলেকে একই কথা জিজ্ঞেস করেন।

এ প্রসঙ্গে বিজয় বলেন, ‘আমি মাড়োয়ারি পরিবারের ছেলে। আমাদের পরিবারে ১৬ থেকে ১৭ বছর বয়স হলেই ছেলেদের বিয়ে হয়ে যায়। অনেকদিন আগে থেকে আমার বিয়ে নিয়ে বাড়ির সবাই উদগ্রীব হয়ে আছে। এখন এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। কারণ, আমি বিয়ের বয়স পার করে ফেলেছি।’

বিয়ের চাপ যে শুধু বিজয়ের বাড়ি থেকে আসছে, তা নয়। একই রকম চাপে রয়েছেন নাকি তামান্নাও। কিছুদিন আগে ৩৩ বছরে পা দিয়েছেন নায়িকা। ফলে এবার মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য নাকি উঠেপড়ে লেগেছেন তার বাড়ির লোকেরা। এখন দেখার বিষয়, কবে বিয়ে করেন হিন্দি সিনেমার বহুল চর্চিত এই প্রেমিক জুটি!


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: