শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দায়িরয়াপুর গ্রাম থেকে তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনীর একটি অভিযান দল। অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি নাইন এমএম পিস্তল।
আটকৃতরা হলো- দারিয়াপুর গ্রামের মহসিন আলীর ছেলে সাইফুল ইসলাম (২৭), কাউছার আলীর ছেলে এনামুল হক (২৮) ও মিন্টু শেখের ছেলে সাইফুল ইসলাম (২৬)।
যৌথ বাহিনীর অভিযান সূত্রে জানা গেছে, অস্ত্র ব্যবসার গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান দল তাদেরকে মঙ্গলবার রাতে আটক করে। মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার তুফানের ছেলে আলিফের কাছে তারা অস্ত্র বিক্রি করেছে বলে স্বীকারোক্তি দেয়। এর প্রেক্ষিতে ওই তিনজনকে নিয়ে আজ বুধবার (২৩ অক্টোবর) ভোরে স্টেডিয়াম পাড়ায় অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা।
অভিযানে আালিফের সন্ধান না মিললেও অস্ত্রের সন্ধান মেলে। বাবলু নামের এক ব্যক্তির বাড়ির পাশে মাটির নিচে তারা অস্ত্রটি পুতে রেখেছিল। সেখানে মাটি খুড়ে পলিথিন মোড়ানো অবস্থায় একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করতে সক্ষম হন যৌথ বাহিনীর সদস্যরা। উদ্ধার হওয়া অত্যাধুনিক নাইন এমএ পিস্তলটি ইতালির তৈরি বলে জানা গেছে।
আটক তিনজনের নামে অস্ত্র মামলা দিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে জানিয়েছে পুলিশ।