শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. শাহজাহান মিঞা বলেছেন, বিগত ১৬ বছরের অপশাসনের পরও আওয়ামী লীগ ব্যান্ড হোক এটি আমরা চাই না। তবে হাসিনাসহ তার দলের সব সৈরাচারের বিচার চাই আমরা। কারণ বাংলাদেশে প্রধান দুটি দল হলো আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগ ছাড়া মাঠ মানায় না।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান মিঞা বলেন, বিগত ১৬ বছর হাসিনা ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে গুম ও খুন করেছে। কিন্তু মানুষ একতাবদ্ধ হয়ে ৫ আগস্ট হাসিনা ও দোসরদের দেশ ছাড়া করেছে। তাদের দেশে এনে এবং যারা এখনো দেশে ঘাপটি মেরে বসে আছে, অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে।
তিনি আরো বলেন, বিগত ১৬ বছরে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে আওয়ামী লীগের দোসররা উন্নয়নের নামে লুটপাত ও দুর্নীতি করেছে। মহানন্দা নদীর উপর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন সেতু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছিলেন। এইদিনও হাসিনার দোসররা হরতাল ডেকেছিল। তাদের সকল অপকর্মের জবাব গত ৫ আগস্ট সারা বাংলার মানুষ দিয়েছে।
শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক আলী আহমেদ বাবুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের আহবায়ক তাবিউল ইসলাম তারিফ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিবগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী ও পৌর যুবদলের সিনিয়র আহবায়ক আবুল বাসারসহ অন্যরা। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরের পর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে নেতাকর্মীরা। দীর্ঘদিন পর প্রকাশ্যে বৃহত্ত আকারে যুবদল জনসভায় করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।