শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
নিজ বাড়িতেই গভীর রাতে অভিনেতা সাইফ আলি খানের ওপর আক্রমণ করা হয়েছে। একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করা হয়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
এনডিটিভি জানিয়েছে, বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাত ২টা ৩০ মিনিটে সাইফের বান্দ্রার বাড়িতে এ ঘটনা ঘটে। ছুরি দিয়ে আঘাতের পর রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে।
মুম্বাই পুলিশ জানিয়েছে, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় এক বা একাধিক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার গৃহকর্মীদের হুমকি দেয়। এ সময় সাইফ সেখানে গেলে তার ওপর হামলা করা হয়।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমণি বলেছেন, ‘দিবাগত রাত সাড়ে তিনটা নাগাদ লীলাবতীতে নিয়ে আসা হয় সাইফকে। তার শরীরে ৬টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তার অস্ত্রোপচার করছি। তার অস্ত্রোপচার করছেন নিউরোসার্জন নীতীন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জৈন ও অবেদনবিদ নিশা গান্ধী। অস্ত্রোপচারের পরই বিস্তারিত বলা যাবে।’প্রাথমিকভাবে বলিউড তারকা কারিনা এবং পরিবারের অন্য সদস্যরা নিরাপদ রয়েছেন বলে জানা গেছে।