শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : শিল্পোন্নত ও সম্ভাবনাময় অঞ্চল ভালুকা। কারখানার কোলাহলে মুখর এই জনপদের অর্থনৈতিক গুরুত্ব অনস্বীকার্য। কিন্তু প্রশ্ন থেকেই যায়—এই শিল্পায়ন ও উন্নয়নের ধারায় ভালুকার সাধারণ মানুষ কতটুকু উপকৃত? চাকরির বাজারে স্থানীয় যুবকদের বঞ্চনা, পরিবেশ দূষণে কৃষিজমির চরম ক্ষতি, খোলা ড্রেন ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় জলাশয়ের দূষণ—সব মিলিয়ে ভালুকার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছেই।
ভালুকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ সরাসরি এসব সমস্যার গভীরে গিয়ে মাঠপর্যায়ে পরিবর্তনের জন্য কাজ শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি সাম্প্রতিক পোস্টে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “ভালুকা একটি সমৃদ্ধ, শিল্পোন্নত এলাকা, সন্দেহ নেই। তবে প্রশ্ন হচ্ছে এখান থেকে ভালুকার মানুষ কি পেল বা কি পাবে? আমাদের ছেলেদের চাকরি হয় না স্থানীয় বলে, মিল কারখানাগুলোর স্বেচ্ছাচারিতায় যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে কিছু দিন পরে চাষযোগ্য জমি থাকবে না।”
তিনি আরও লেখেন, “রাস্তা-ঘাটে চলা দায় হয়ে গেছে লিটারের দূষণের কারণে। সেইসঙ্গে এসব লিটার ব্যবহার হচ্ছে পুকুরগুলোতে, যা আমাদের শিশুদের ক্যান্সারসহ ভয়াবহ রোগে আক্রান্ত করার কারণ হয়ে উঠতে পারে অদূর ভবিষ্যতে।”
জনস্বার্থে নেওয়া উদ্যোগগুলোর বিরুদ্ধেও রয়েছে ষড়যন্ত্র—এমন ইঙ্গিত দিয়ে ইউএনও জানান, “একটি শ্রেণি ইতিমধ্যেই প্রস্তুত, যারা আমার উদ্যোগ থামাতে চায়। তারা একটি স্কোয়াড গঠন করেছে যারা আগামী কয়েক দিনের মধ্যে আমার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাবে। স্কোয়াডের সদস্যদের আমরা চিহ্নিত করেছি।”
তিনি স্পষ্ট বার্তা দেন, “ভুলে যাবেন না, এসব নোংরামি দিয়ে সবার মনোবল ভাঙা যায় না। আমি আজ থেকে সম্ভবত আরও বেশি উদ্যম নিয়ে কাজ শুরু করলাম।”
সচেতন নাগরিকদের পক্ষ থেকে ইতিমধ্যে ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদের সাহসী অবস্থান ও বাস্তবমুখী উদ্যোগের প্রশংসা করা হচ্ছে। তিনি যখন বলছেন, “সাধারণ মানুষ পরিবর্তিত বাংলাদেশ দেখতে চায়, গতানুগতিক নষ্টামি নয়,”
তখন তা শুধু একটি বক্তব্য নয়—একটি জাতিগত চেতনার প্রতিধ্বনি।
এই সাহস, এই স্বচ্ছতা এবং জনগণের স্বার্থে অটল থাকার মানসিকতা একজন আদর্শ প্রশাসককে শুধু একজন কর্মকর্তা নয়, একজন মানবিক পথপ্রদর্শকে পরিণত করে। ভালুকার মানুষ হয়তো এই প্রথম বার বুঝতে পারছে, একজন ইউএনও কীভাবে একটি এলাকার ভাগ্য বদলে দিতে পারেন।