মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
কিছু অভিযোগ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ ভোট নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
আজ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুকে সারজিস আলম এ প্রতিক্রিয়া জানান।
সারজিস আলম লিখেছেন, ‘দু-একটা বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে এখন পর্যন্ত যে প্রক্রিয়ায় ডাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে, তা সন্তোষজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাশিত সংখ্যায় অংশগ্রহণ করেছে।’
তিনি আরও লিখেন, ‘ভোট গণনা চলছে, এরপরই ফলাফল। শিক্ষার্থীরাসহ সারা দেশ এই ফলাফলের দিকে তাকিয়ে আছে। একটা অভ্যুত্থানের ফসল এই ডাকসু। শুধু রাজনৈতিক কামড়াকামড়ি আর জেতা-হারার ভয়ে ডাকসুটা যেন নষ্ট না হয়। যদি এটা হয়, তাহলে যাদের কারণে এটা হবে তারা এর দায় কখনো এড়াতে পারবে না এবং এই দায়ের বোঝা নিয়ে সামনে চলতেও পারবেন না।
সারজিস আলম বলেন, ‘কেউ যদি ভাবেন, নিজে জিততে না পারলে ডাকসু সফলভাবে শেষ হতে দেব না, তাহলে ডাকসু বানচাল করার মধ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে আপনাদের রাজনীতির কবর রচিত হবে।’