বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও এনটিভির অনলাইন বিভাগের প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমান বুলুকে গ্রেফতার করেছে পুলিশ।
গত সোমবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে কোটালীপাড়া থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরদিন মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে তাকে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলার ওয়াপদারহাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে বিক্ষোভ মিছিল করেন। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় ও যান চলাচলে বিঘ্ন ঘটে।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে ১৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও প্রায় ১,৫০০ জনকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন খান (দীপ্ত) বলেন,
“ওই ঘটনার সঙ্গে সাংবাদিক মিজানুর রহমান বুলুর সম্পৃক্ততা সন্দেহজনক হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।”
সাংবাদিক মিজানুর রহমান বুলু এনটিভির ডিজিটাল ও অনলাইন বিভাগের কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর উপজেলার প্রতিনিধির দায়িত্বও পালন করে আসছিলেন।