সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :
গোপালগঞ্জের সিনিয়র ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হকের সরকারি বাসভবনে দুর্বৃত্তদের শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে জেলা আদালত পাড়া। গত ২৮ জানুয়ারি, মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে বিচারকের বাসভবন লক্ষ্য করে এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়। এই ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ কোর্ট চত্বরে এক বিশাল প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা।
মানববন্ধনে আইনজীবীরা বিচারকের বাসভবনে এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিচার বিভাগের ওপর এ আক্রমণ মূলত ন্যায়বিচারের কণ্ঠরোধ করার একটি অপপ্রয়াস। বক্তারা অনতিবিলম্বে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইন প্রয়োগকারী সংস্থার কাছে জোর দাবি জানান। একইসঙ্গে দেশের প্রতিটি নাগরিকসহ বিচারক ও আইনজীবী সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও অধিকতর সতর্কতা অবলম্বন ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট সর্দার আজমল হোসেন, অ্যাডভোকেট আজগর এবং অ্যাডভোকেট জুলকদর, এ্যাডভোকেট কাজী খায়ের, এ্যাডভোকেট নাসিরসহ বার অ্যাসোসিয়েশনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিচারকদের নিরাপত্তা বিঘ্নিত হলে বিচার ব্যবস্থা বাধাগ্রস্ত হবে, যা কোনোভাবেই কাম্য নয়। পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে আইনজীবীরা জানান, দোষীদের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। উল্লেখ্য, মঙ্গলবারের ওই বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এবং পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।