বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সাতক্ষীরা প্রতিনিধি:
ফতেপুর ইউনিয়ন–এর বাঁশতলা মোজাম মোড় এলাকায় জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী অফিস দখলকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর অন্তত ৮ জন নারী-পুরুষ কর্মী ও সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন— আনোয়ারুল ইসলাম আকুল মেম্বার (৫০), আব্দুস সাত্তার (৬২), মীর শাহিনুর রহমান (৪০), শফিউল আজম (৪৮), অজিফা বেগম (২৪), নাজমা বেগম (৩৪), সাদিকুল ইসলাম (২০) ও মরিয়ম খাতুন (২৬)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাত ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ ভর্তি করেন। দুজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের অভিযোগ, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. শহিদুল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে নির্বাচন করেন। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নিয়ে স্থানীয় নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন—এক পক্ষ ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ কাজী আলাউদ্দিনের পক্ষে এবং অন্য পক্ষ ডা. শহিদুল আলমের পক্ষে কাজ করেন।
নির্বাচনে উভয় প্রার্থীর পরাজয়ের পর ফতেপুর মোজাম মোড়ের একটি অফিস দখলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, শুক্রবার অফিসের দখল ও চাবি হস্তান্তর নিয়ে বিরোধের জেরে শনিবার বিকেলে পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা গুরুতর আহত হন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।