বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি :
মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার। সভার শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কালীগঞ্জ শহীদ সোহরাওয়ার্দী পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, দোয়া মাহফিল এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকীর আহমেদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জুয়েল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাকিল আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ আব্দুর রউফ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জ্যোতি কুমার, কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাজাড়, হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শফিউল্লাহ, কালীগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল আজাদ, রোকেয়া মনসুর মহিলা কলেজের ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, কালীগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলামিন, কালীগঞ্জ সদর এম. খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গারানী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা-সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজানো-গোছানোর লক্ষ্যে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জুয়েল হোসেনকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়।