বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি অফিস, সাব-রেজিস্ট্রার অফিস, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সকল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, নাজিমগঞ্জ বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও ফুলতলায় যুবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
সকাল ১০টায় উপজেলা হাসপাতাল পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, চিকিৎসক ও নার্সদের উপস্থিতি এবং অবকাঠামোগত সুবিধাসমূহ ঘুরে দেখেন। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসংক্রান্ত খোঁজখবর নেন। পাশাপাশি সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা ভূমি অফিস পরিদর্শনপূর্বক সার্বিক কার্যক্রম সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলামের সঙ্গে পর্যালোচনা করেন। পরবর্তীতে তিনি সাব-রেজিস্ট্রার অফিস পরিদর্শন করেন। কালিগঞ্জ উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
এরপর নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে ব্যবসায়ী নেতৃবৃন্দ নাজিমগঞ্জ বাজার ও পশ্চিম কালিগঞ্জের মধ্যে ব্রিজ নির্মাণ, বাজারে সিসিটিভি স্থাপন ও জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।
সংসদ সদস্য বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যাপারে আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমির আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, অফিস সেক্রেটারি আফতাব উদ্দিন, জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম, জামায়াত নেতা মোঃ সিরাজুল ইসলামসহ স্থানীয় ও উপজেলার ১২টি ইউনিয়নের জামায়াতে আমির ও সেক্রেটারিসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।