শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
আতিয়ার রহমান, স্টাফ করেসপন্ডেন্ট, নড়াইল
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় ১২৪ জন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নলদী মানবকল্যাণ ছাত্র সংঘের আয়োজনে নলদী বাজার এলাকায় এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতে নলদী মানবকল্যাণ ছাত্র সংঘ এ মানবিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে।
১২৪টি পরিবারের জন্য ঈদ সামগ্রীর প্যাকেজে ছিল সেমাই ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, কিসমিস, গুঁড়ো দুধ ১০০ গ্রাম, পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, তেল ৫০০ গ্রাম, ডাল ৫০০ গ্রাম, পেঁয়াজ ১ কেজি, রসুন ৫০০ গ্রাম, সাবান, নুডুলস ও মসলাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “প্রতিবছরের মতো এবারও ঈদ-উল-ফিতরে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তারা। তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মুখে একটুখানি হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া।”
এ সময় উপস্থিত ছিলেন নলদী মানবকল্যাণ ছাত্র সংঘের উপদেষ্টা মো. সাইফুর রহমান, মাহমুদুর রহমান, ওসমান গনি, সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক ইয়ার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তাহাজ্জদ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।