মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নিখোঁজ হওয়ার তিন মাস পর একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে তৌহিদুল ইসলাম (৩১) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ভাকুরী গ্রামের সত্য মন্ডলের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তৌহিদুল উপজেলার লতিফপুর গ্রামের আকতার আলী মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সোয়া ১২টার দিকে পূর্ব ভাকুরী গ্রামের সত্য মন্ডলের পুকুরে মাছ ধরার জন্য কচুরিপানা পরিষ্কার করছিলেন তন্ময় নামের এক যুবক। এ সময় তিনি কচুরিপানার নিচে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। নিখোঁজ তৌহিদুলের বাবা আকতার আলী মোল্লা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরনের কাপড় দেখে মরদেহটি তার ছেলের বলে শনাক্ত করেন।
পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তৌহিদুল। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে প্রথমে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এবং পরবর্তীতে গত ২৫ ফেব্রুয়ারি মুকসুদপুর থানায় একটি অপহরণ মামলা (মামলা নং-১৭) দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসআই আরিফ হোসেন মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।