মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

রাজনীতি থেকে সকলকে বেরিয়ে আসতে হবে: জবি ভিসি

বিরোধীতার রাজনীতি থেকে বের হয়ে একে অপরের ওপর হস্তক্ষেপ না করে কাজের পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. রইছ্ উদ্দিন।

‎মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন, শিক্ষক-কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উপাচার্য অধ্যাপক ড. রইছ্ উদ্দিন।

‎জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইমরানুল হক বলেন, “গত বছর এই ভিসিকে টেক্কা দেওয়ার মতো কেউ ছিল না। আগে ভাইস চ্যান্সেলর পদ ঘোষণার সময় আমি রইস স্যারের পাশে ছিলাম। তখন তিনি বলেছিলেন, ‘তুমি তোমার মতো যাও।’ পরে আবার ফিরে এসে বলেছিলেন, ‘এই জগন্নাথ আমার, এই জগন্নাথের মাটি আমার।’

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. গিয়াস উদ্দিন বলেন, “দিন-রাত পরিশ্রম করে আমরা স্যারকে আমাদের মধ্যে ভিসি হিসেবে পেয়েছি। ২০০৮ সালে ‘মাইনাস টু ফর্মুলা’র মাধ্যমে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা সম্ভব হয়নি, আমরাও তা হতে দেব না।”

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. রইছ্ উদ্দিন বলেন, “আমরা সত্যিকারভাবে সবার অভিভাবক হওয়ার চেষ্টা করব। এখানে সবাই আমার সন্তান, কেউই আমার বৈমাত্রেয় সন্তান নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন বেগম খালেদা জিয়া। সুতরাং এখানে রাজনীতি থাকবে, কিন্তু কারো ওপর আমরা হস্তক্ষেপ করব না। অভিভাবক হিসেবে সবার আশ্রয়স্থল হওয়ার চেষ্টা করব। এতে সবাই এখানে আস্থা পাবে এবং আমরা একটি কাজের পরিবেশ তৈরি করতে পারব।”

‎এসময় তিনি আরও বলেন, “আমাদের কেউ নষ্ট করবেন না। আমার একটি রাজনৈতিক মতাদর্শ আছে। সাবেক ভিসি মিজানুর রহমানের সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সামনে আমি সেটি বলেছি। তিনি আমার সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন। আমি বলেছিলাম, ছবি তুললে আমার জন্য কাল হবে।”


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: