বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ : আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করা হয়েছে।
মঙ্গলবার মুন্সীগঞ্জের পদ্মা সেতু সংলগ্ন ঢাকা-মাওয়া মহাসড়ক এবং গজারিয়া অংশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এতে ঢাকা-মাওয়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু এবং গজারিয়া এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক অংশ নেন।
পরিদর্শনকালে মহাসড়কে যানবাহনের কিছুটা চাপ থাকলেও চলাচল স্বাভাবিক ছিল। পদ্মা সেতুর টোলপ্লাজায় মোটরসাইকেল লেনসহ অন্যান্য লেনেও স্বাভাবিক কার্যক্রম লক্ষ্য করা যায়। এ সময় নতুন নির্মিত বাস বে-তে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে যাত্রীদের ফেরত দেওয়া হয়। পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি বিক্রয় কার্যক্রম তদারকির অংশ হিসেবে গজারিয়া উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনও পরিদর্শন করা হয়। পরিদর্শনে স্টেশন কর্তৃপক্ষের প্রদত্ত তথ্যের সাথে মজুত জ্বালানির মিল পরীক্ষা করা হয়।
এ সময় সংশ্লিষ্টদের সরকারি নির্ধারিত দামে ডিজেল, পেট্রোল, অকটেন ও এলপিজি বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি বা অন্য কোনো অনিয়মের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণের সতর্কতা জারি করা হয়। পাশাপাশি ক্রেতাদের সঙ্গে সহনশীল আচরণ করার নির্দেশ দেওয়া হয় ফিলিং স্টেশনের কর্মীদের।
প্রশাসনের এ তদারকি কার্যক্রম ঈদযাত্রাকে আরও নিরাপদ ও স্বস্তিদায়ক করবে বলে আশা করা হচ্ছে।