বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ককটেল তৈরি করতে গিয়ে বিস্ফোরণে মতিউর রহমান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার মুখমণ্ডল, হাত ও পা ঝলসে গেছে। বর্তমানে তাকে পুলিশ পাহারায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গত রাত টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় মতিউরের নিজ বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মতিউর ওই এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাড়িতে বসে ককটেল তৈরির সময় হঠাৎ তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে মতিউরের ডান হাতের আঙুলের একাংশ উড়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে ঘটনাটি সন্দেহজনক হওয়ায় পুলিশি পাহারায় তাকে খুলনায় পাঠানো হয়।
আহত মতিউরের স্বজনদের দাবি, এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে তিনি আতশবাজি বানানোর চেষ্টা করছিলেন এবং তখনই এই দুর্ঘটনা ঘটে।
তবে আতশবাজির দাবি নাকচ করে দিয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অসিম কুমার ধর জানান, ক্ষতের ধরন দেখে এটি সাধারণ আতশবাজি থেকে হয়েছে বলে মনে হচ্ছে না। জখমের গভীরতা দেখে ধারণা করা হচ্ছে এটি ককটেল বা হাতবোমা জাতীয় কিছু ছিল। তবে বিষয়টি বিশেষজ্ঞরা আরও নিশ্চিত করতে পারবেন।
টুঙ্গিপাড়া থানা ও গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিষয়টি নাশকতার উদ্দেশ্যে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।