শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ বাঙালি জাতির গৌরবোজ্জ্বল এই দিনে ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শুরু হয়েছিল মুক্তির সংগ্রাম, যা দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এনে দেয় স্বাধীন বাংলাদেশ।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে (ভোর ৫টা ৫৬ মিনিট ৪৮ সেকেন্ড) মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রে অবস্থিত শহিদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। তার সাথে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিনটি উপলক্ষে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহিদদের স্মরণ করা হয় এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।