বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের লোহাগড়ায় বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে লোহাগড়া বাজারের জুয়েলারী দোকানে শুরু হয়েছে,বাঙালির প্রাণের উৎসব হালখাতা। হালখাতা উপলক্ষে জুয়েলারী ব্যবসায়ী প্রতিষ্টানগুলোকে সাজানো হয়,রঙ্গিন সাজে। এ হালখাতার দিনটি ব্যবসায়ীদের কাছে আনন্দের দিনও বটে।
হালখাতা শুধু হিসাবের নতুন খাতা খোলা নয়, পাওনা আদায়ের পাশাপাশি ক্রেতাদের আপ্যায়নের মাধ্যম। হালখাতার এই ঐতিহ্য সুদীর্ঘ কাল বহনকরে চলছে বাঙালির আনন্দ উৎসব আর সম্প্রীতির গৌরবগাঁথা। লোহাগড়া জুয়েলারী ব্যবসা প্রতিষ্ঠানে মুসলমান মালিকরা মিলাদ দিয়ে এবং হিন্দু সম্প্রদায়ের মালিকরা পূজার মধ্যে দিয়ে হালখাতার সূচনা করেন। হালখাতায় ব্যবসায়ীরা তাদের হিসাব-নিকাশ সম্পন্ন করে হিসাবের নতুন খাতা খুলেন। এই উপলক্ষে তাঁরা নতুন-পুরাতন খদ্দের ও শুভাকাংখীদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি, বিরয়ানী ইত্যাদি বিতরণ করেন এবং নতুন ভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপনের একটি মাধ্যম হালখাতা।
লোহাগড়া বাজারে সকাল থেকে রাত অবধি চলে হালখাতার উৎসব। লোহাগড়া বাজার জুয়েলারী সমিতির সভাপতি সজল কান্তি সাহা বলেন, লোহাগড়া বাজারে ৫০ থেকে ৫৫টি ছোট-বড় জুয়েলারী দোকানে হালখাতা উৎসব চলচ্ছে। লোহাগড়া বাজারের সোনালী জুয়েলার্সের মালিক বিপুল গাইন ও অনিক জুয়েলার্সের মালিক অনুপ স্বর্ণকার বলেন, ব্যবসায়ীদের মধ্যে কেউ তিন দিন, কেউ বা দুই বা একদিন ব্যাপী হালখাতা করে থাকেন। হালখাতা উপলক্ষে জুয়েলারী ব্যবসায়ীক প্রতিষ্ঠান গুলোতে বিশেষ আলোকসজ্জা করা হয়েছে।