বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
২০ এপ্রিল ২০২৬ (সোমবার) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জের সম্মেলন কক্ষে মুন্সীগঞ্জ জেলার জ্বালানি তেলের চাহিদা, মজুদ, আমদানি ও সরবরাহ পরিস্থিতি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
ব্রিফিং এ আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম,পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. রেজাউল করিম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জনাব ড. মোঃ হাবিবুর রহমান, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জনাব আতিকুর রহমান,সাধারণ সম্পাদক জনাব গুলজার হোসেন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।
ব্রিফিংয়ে জানানো হয় যে, মুন্সীগঞ্জ জেলায় বর্তমানে মোট ১৯টি পেট্রোল পাম্প, ১১টি এজেন্সি এবং ০৬টি ডিলারের মাধ্যমে জ্বালানি সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গতকাল (১৯ এপ্রিল) পর্যন্ত জেলায় মোট জ্বালানি তেলের মজুদ ছিল- ডিজেল: ১,১৭,১২০ লিটার, পেট্রোল: ৫,২০৮ লিটার, অকটেন: ১২,২২১ লিটার। বর্তমানে ফিলিং স্টেশনসমূহে বরাদ্দ অনুযায়ী নিয়মিতভাবে ডিপো থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে। বিশেষ করে চলমান কৃষি মৌসুমে সেচ কার্যক্রম এবং আড়িয়ল বিল অঞ্চলে ধান কর্তনের জন্য প্রয়োজনীয় জ্বালানি গতকাল (১৯ এপ্রিল) থেকে চাহিদা অনুযায়ী ফিলিং স্টেশন, ডিলার ও এজেন্সির মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। কৃষকদের চাহিদার প্রেক্ষিতে অতিরিক্ত জ্বালানির প্রয়োজন হলে ডিপো থেকে তাৎক্ষণিকভাবে সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসন সর্বদা জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর।