শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে সিভিল সার্জন ও হাসপাতালের তত্বাবধায়কসহ তিন কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করলেন স্বাস্থ্য মন্ত্রী গোপালগঞ্জে ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: গণধোলাই খেয়ে আটক ৪ ডাকাত অ্যালার্জি-চুলকানি কেন হয়, দ্রুত পরিত্রাণের উপায় : ডা. তাসনিম জারা নড়াইলের লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উজিরপুরে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করেন- এমপি সরফুদ্দীন আহম্মেদ সেন্টু “আলোকে সমান্তরাল প্রসেসর হিসেবে ব্যবহার করাই ছিল আমার লক্ষ্য” – ড. আতাউল করিম সাইবার হামলা রুখতে নতুন অস্ত্র ওপেনএআই খাল খননের মাধ্যমে কৃষকদের সেচ ব্যবস্থার উন্নয়ন হবে: সংস্কৃতিমন্ত্রী ট্রাস্ট ব্যাংকে চাকরি, যারা আবেদন করতে পারবেন ‘আমরা বিবাহিত তবে সিচুয়েশনশিপে আছি’

গোপালগঞ্জে ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: গণধোলাই খেয়ে আটক ৪ ডাকাত

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে দুই স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন চার ডাকাত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার রামশীল ইউনিয়নের মুশরিয়া গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাদের পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। আটককৃতরা হলেন—বরিশালের উজিরপুরের রবিউল ঢালী, বাকেরগঞ্জের ইলিয়াছ ও পারভেজ এবং বরগুনার বামনা উপজেলার জহির।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ কর্মকার ও শিব শংকর কর্মকার দোকান বন্ধ করে কোটালীপাড়ার রতাল গ্রামে নিজেদের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সিকিরবাজার এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাসে থাকা কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে জোরপূর্বক তাদের মাইক্রোবাসে তুলে নেয়। অপহরণের বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিকভাবে স্থানীয়রা চিৎকার করে এলাকাবাসীকে সচেতন করেন।

ডাকাত দল স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে মাইক্রোবাসযোগে গোপালগঞ্জ-পয়সারহাট সড়ক দিয়ে পালানোর চেষ্টা করলে পয়সারহাট এলাকার ব্যবসায়ী ও স্থানীয় লোকজন গাড়িটির গতিরোধ করার চেষ্টা করেন। সাধারণ মানুষের ধাওয়া খেয়ে ডাকাতরা দিক পরিবর্তন করে দ্রুত গতিতে রামশীল ইউনিয়নের মুশরিয়া গ্রামের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে গ্রামবাসী দুই দিক থেকে রাস্তা ঘিরে ফেলে ডাকাত দলকে অবরুদ্ধ করে ফেলে এবং ধাওয়া করে চারজন ডাকাতকে আটক করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, স্থানীয়রা চারজনকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। পরবর্তীতে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে মুশরিয়া স্লুইসগেটের পাশ থেকে র‍্যাবের পোশাক, হাতকড়া এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। পুরো এলাকায় ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: