শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :
মানিকগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জনের মধ্যে হামের লক্ষণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে মানিকগঞ্জ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৪ জনে। সোমবার (৪ মে ২০২৬ ) সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চিকিৎসা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। নতুন শনাক্তদের মধ্যে বেশিরভাগই শিশু ও কিশোর, যাদের মধ্যে জ্বর, শরীরে লাল ফুসকুড়ি ও চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা গেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে পূর্বে আক্রান্তদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়ে টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রচার কার্যক্রমও চালানো হচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগ সকলকে সতর্ক থাকার এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।