সোমবার, ২৯ Jun ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সামস্উদ্দিন বাবর, স্টাফ রিপোর্টার : গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে গৃহকর্তা ফোরকান মিয়ার বিরুদ্ধে। শুক্রবার (৮ মে) রাতের কোনো এক সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ফোরকান মিয়া পলাতক রয়েছেন।
নিহতরা হলেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩৫), তিন মেয়ে মিম (১৫), মারিয়া (১২) ও ফারিয়া (২), এবং শ্যালক রসুল মিয়া (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন ফোরকান মিয়া ও তার পরিবার। শুক্রবার রাতেও পরিবারের সদস্যদের স্বাভাবিকভাবে দেখা যায়। পরে শনিবার সকালে ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় পাঁচজনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
প্রতিবেশীদের দাবি, ফোরকান মিয়া ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। বর্তমানে ঘটনাস্থল ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশের ফরেনসিক টিম আলামত সংগ্রহ করছে।
গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, “একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে। ঘটনাটির রহস্য উদ্ঘাটনে একাধিক সংস্থা কাজ করছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
এ ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। অভিযুক্ত ফোরকান মিয়াকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।