সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : গাজীপুরের কাপাসিয়ায় নির্মম হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের পাঁচ সদস্যের জানাজা ও দাফন শেষে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে তাদের জন্মভূমি গোপালগঞ্জে। রবিবার (১০ মে) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের উত্তরপাড়া ফকিরবাড়ি গ্রামে এক হৃদয়বিদারক পরিবেশে তাদের শেষ বিদায় জানায় স্বজন ও এলাকাবাসী।
ভোরে মরদেহবাহী দুটি অ্যাম্বুলেন্স গ্রামে পৌঁছালে পুরো এলাকায় এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়। নিহতদের মধ্যে ছিলেন এক নারী, তার তিন অবুঝ শিশু সন্তান এবং তাদের মামা। স্বজনদের গগনবিদারী আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। প্রিয়জনদের একনজর দেখতে ভোর থেকেই গ্রামবাসী ও আশপাশের এলাকার শত শত মানুষ ফকিরবাড়িতে ভিড় জমান। শিশুদের শেষ গোসল করানোর সময় উপস্থিত কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি।
সকাল ১১টায় পাইককান্দি পঞ্চপল্লী মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর উত্তর চরপাড়া কবরস্থানে আগে থেকে খুঁড়ে রাখা সারিবদ্ধ পাঁচটি কবরে তাদের দাফন করা হয়। এই মর্মান্তিক বিদায়বেলায় উপস্থিত হাজারো মানুষের কণ্ঠে ছিল বিচার ও ক্ষোভের সুর। বিক্ষুব্ধ পরিবার ও গ্রামবাসী এই পৈশাচিক হত্যাকাণ্ডের মূল হোতা ঘাতক স্বামী ফোরকান মিয়াসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার ভোরে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামের একটি ভাড়া বাসায় এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামী ফোরকান মিয়া এই নৃশংস ঘটনা ঘটিয়েছেন।
এ বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, যদিও ঘটনাটি গাজীপুর জেলার আওতাভুক্ত, তবুও পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে স্থানীয় পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট ঘাতককে ধরতে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। শোকসন্তপ্ত পরিবার এখন শুধু ঘাতকের বিচার দেখার অপেক্ষায় দিন গুনছে।