সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার (শুনাসুর) এলাকায় এক ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৫ মে) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়া গামী স্টার লাইনের একটি যাত্রীবাহী বাস, ঢাকা গামী মাইক্রোবাস ও প্রাইভেটকারের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে চিকিৎসকদের সূত্রে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে মাইক্রোবাস ও প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। পরবর্তীতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। তারা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার স্থানেই একজন মারা যান, তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আব্দুল করিম (২৮), পিতা: আব্দুল কালাম (গ্রাম: চর বয়রা, সদর, গোপালগঞ্জ) হালিম শেখ (৫৮), পিতা: মৃত সামাদ শেখ (বাগান উত্তরপাড়া) আজিজুর রহমান (৪৫), পিতা: সেকেন্দার আলী (গ্রাম: টুপুরিয়া ফাতেমা (৪২), পিতা: কালাম মোল্লা (গ্রাম: টুপুরিয়া) রিফাত (২০), পিতা: বন্দে আলী (গ্রাম: নারিকেলবাড়ি)মামুন দারিয়া (২৪), পিতা: দাউদ দারিয়া (গ্রাম: মাঝবাড়ি) তাহসিনা (২০), পিতা: আজিজুর রহমান (গ্রাম: টুপুরিয়া, থানা: কোটালীপাড়া)রাবিব (২৯), পিতা: লোকমান ফরাজী (গ্রাম: ছোট বয়রা, জেলা: খুলনা)। জানা গেছে, রাবিব দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটির চালক ছিলেন। এছাড়া আরও এক অজ্ঞাতনামা (২৫) যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার আসল কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: