বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে খাদে বাস: নিহত ৫, আহত বহু

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : পবিত্র ঈদুল আজহার সকালে গোপালগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী। আজ বৃহস্পতিবার সকালে জেলার বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নিয়ামুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস সকালের দিকে গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি দ্রুতগতিতে একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। সংঘর্ষ ও বাসটি উল্টে যাওয়ার কারণে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তারা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে দুইজন মোটরসাইকেলের (মটর সাইকেল রেজিঃ নম্বর:- বাগেরহাট – ল ১২-০৫১৪) আরোহী এবং তিনজন বাসের যাত্রী ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ও ঈদের আনন্দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: