বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ : বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আযহার আনন্দ সকলের মাঝে সমভাবে ছড়িয়ে দিতে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এতিমখানা ও শিশু পরিচর্যা প্রতিষ্ঠানে শিশু-কিশোরদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এ উপলক্ষ্যে তিনি শ্রীনগর উপজেলার ভাগ্যকূলে অবস্থিত সরকারি শিশু পরিবার (বালক) এ অবস্থানরত শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান, তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং স্নেহময় পরিবেশে আনন্দঘন মুহূর্ত উপভোগ করেন। পরে শিশুদের সঙ্গে একত্রে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে ও শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে ঈদের আনন্দঘন মুহূর্ত ভাগ করে নেন।
পরবর্তীতে তিনি মুন্সীগঞ্জ সদরস্থ “মুন্সীগঞ্জ হাফিজিয়া দারুল উলূম মাদরাসা”য় উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং একসাথে কিছু সময় অতিবাহিত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা নির্বাহী অফিসার, মুন্সীগঞ্জ সদর জনাব মোঃ মাসুদুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার, শ্রীনগর জনাব হাছিবুর রহমান।
মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার চেতনায় উদ্ভাসিত এ আয়োজন ঈদুল আজহার প্রকৃত শিক্ষা—ত্যাগ, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তাকেই আরও অর্থবহ করে তোলে।