মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের লোহাগড়ায় নবগঙ্গা নদীতে গোসলে নেমে নিখোঁজ রায়হান মীর (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে নদীতে ডুবে নিখোঁজ হয় শিশুটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেলে ৪টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহাগউজ্জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত শিশু রায়হান মীর লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের আকড়া বাড়ি গ্রামের বালু ব্যবসায়ী জান্নাত মীরের ছেলে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের আকড়া বাড়ি সমিতির ঘাট নামক এলাকায় নবগঙ্গা নদীতে গোসল করতে যায় রায়হান মীর নামে ওই শিশু। পরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে শিশুটি নিখোঁজ হয়। এরপর স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেও তার সন্ধান পাননি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লোহাগড়া ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। খুলনা থেকে ডুবুরি দল বেলা সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নদীতে অভিযান চালায় এর ঠিক ৩০ মিনিট পর রায়হান মীর নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহাগউজ্জামান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হই। পরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা এসে অভিযান চালায়। অভিযান চলার প্রায় ৩০ মিনিটেরও কম সময়ের মধ্যে শিশু বাচ্চাটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর শিশুটির মরদেহ স্থানীয় মেম্বারের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।