রবিবার, ০৭ Jun ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটর সাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া আল আমিন পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো: কুমিল্লার বরুড়া উপজেলার মইসার গ্রামের মাওলানা আব্দুল্লাহর ছেলে ছানা উল্লাহ (৩২) ও
মুরাদনগর থানার কোরবানপুর গ্রামের মো. রবিউলের ছেলে মো. অন্তর (২২)।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে দ্রুতগতিতে চলা একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও বাসটি জব্দ করা হয়েছে। তবে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই বাস চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে
জানিয়েছে পুলিশ। মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, নিহত দুই যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে। এ
ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।