সোমবার, ১৫ Jun ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
সুধারামে মাদক কারবারিকে গণধোলাই- পুলিশে সোপর্দ নোয়াখালী মাদক বিরোধী কমিটির ইউএনও’র সাথে মতবিনিময় ও সম্মাননা ক্রেস্ট প্রদান লক্ষ্মীপুরে শিশুশ্রমকে লাল কার্ড প্রদর্শন ৫ বছরের ২৫ কোটি বৃক্ষরোপন চৌদ্দগ্রামে কর্মসূচী উদ্ভোধন করেন ইএনও নড়াইলে বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন মুন্সীগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরে জেলা পর্যায়ের বিজ্ঞান ও উদ্ভাবন মেলা, ক্ষুদে বিজ্ঞানীদের প্রশংসায় এমপি রনি চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন গাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন গাসিক প্রশাসক

গাজীপুর জেলা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে গাজীপুরে বিশাল এক বৃক্ষরোপণ অভিযানের শুভ সূচনা হয়েছে। রবিবার (১৪ জুন) গাজীপুর মহানগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মাস্টারবাড়ী থেকে রাজেন্দ্রপুর সড়কের পাশে গাছের চারা রোপণের মাধ্যমে এই মহতী কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী এক বছরের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন এলাকাকে সম্পূর্ণ পরিবেশবান্ধব একটি ‘গ্রিন সিটি’ বা সবুজ নগরীতে রূপান্তর করা হবে। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী ও সবুজ বিপ্লবের ডাককে গাজীপুরে সফল করতে সিটি করপোরেশন এলাকা জুড়ে এক বছরে মোট ৫০ হাজার ফলদ, বনজ ও ওষুধি চারা রোপণের এক বিশাল মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আজ উদ্বোধনী দিনে নিম, আম ও কাঁঠালসহ বিভিন্ন ওষুধি ও ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির গতিশীল যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সদ্য যোগদানকৃত প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানম (যুগ্মসচিব)। এ সময় সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম হারুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলীসহ প্রশাসনের অন্যান্য পদস্থ কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তৃতায় সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বৃক্ষরোপণের অপরিহার্যতার কথা উল্লেখ করে বলেন, ক্রমবর্ধমান শিল্পায়নের কারণে গাজীপুরের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা জনজীবনের জন্য মারাত্মক হুমকি। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং নগরীর তাপমাত্রা সহনশীল পর্যায়ে রাখতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সবুজায়নের যে রূপরেখা দিয়েছেন, তা বাস্তবায়নে গাজীপুর সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। সেই প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবেই এই ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে এগুলোকে টিকিয়ে রাখা হবে। পর্যায়ক্রমে ৫৭ টি ওয়ার্ডে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছ রোপন করা হবে।

অনুষ্ঠানে নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানম একাত্মতা প্রকাশ করে বলেন, একটি আধুনিক, সবুজ ও বাসযোগ্য গাজীপুর গড়ে তোলার জন্য এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। কেবল চারা রোপণ করলেই হবে না, বরং প্রতিটি গাছ যেন বড় হতে পারে সেজন্য নাগরিক সমাজকেও সচেতন ভূমিকা পালন করতে হবে। আয়োজকরা এই বিশাল সবুজায়ন কর্মসূচি সফল করতে দলমত নির্বিশেষে গাজীপুর মহানগরীর সর্বস্তরের জনসাধারণ, ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: