বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: গোপালগঞ্জের ঐতিহ্যবাহী ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান অ্যাডভান্টেজ ইন্টারন্যাশনাল মিশন স্কুলে আড়ম্বরপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অ্যাডভেন্টিস্ট পাস্টার দানিয়েল । বিজ্ঞান মেলাটির সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লাবনী ম্যারানডি।
কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ, বিজ্ঞানমনস্কতা তৈরি এবং সমসাময়িক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযোগী করে গড়ে তুলতে এই মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান সংশ্লিষ্টরা।
মেলা পরিদর্শনের সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ লাবনী ম্যারানডি শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্টের ভূয়সী প্রশংসা করেন। একালীন এক সাক্ষাৎকারে তিনি তার দূরদর্শী বক্তব্য ও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অধ্যক্ষ লাবনী ম্যারানডি বলেন:
“আমাদের মূল লক্ষ্যই হলো শিশুদের আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করা। আমরা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, বরং শিক্ষার্থীদের মেধা, মনন এবং শারীরিক সুস্থতার সব দিক বিবেচনায় রেখে এক প্রকার নৈতিক দায়িত্ববোধ থেকে পাঠদান কার্যক্রম পরিচালনা করছি। আমরা বিশ্বাস করি, আজকের এই শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবে।”
শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে চৌকস ও পরিশ্রমী এই শিক্ষাবিদ দৃঢ়তার সাথে বলেন:
“কোমলমতি শিক্ষার্থীদের কোনো প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন এই প্রতিষ্ঠানে সম্পূর্ণ নিষিদ্ধ এবং আমাদের দর্শনের পরিপন্থী। আমরা প্রতিটি শিশুকে একটি ভয়হীন, আনন্দময় এবং স্নেহপূর্ণ পরিবেশে বড় করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো শিক্ষার্থীর ওপর মানসিক চাপ সৃষ্টি করা বা শারীরিক নিগ্রহ করা আমরা বিন্দুমাত্র সমর্থন করি না।”
আধুনিক ও যুগোপযোগী শিক্ষাদানের কারণে ইতিমধ্যে গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র প্রধান সড়কের পাশে (মধুমতি লেকপাড় গেট পাড়া) অবস্থিত এই শিক্ষাঙ্গনটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান চালু থাকলেও, অদূর ভবিষ্যতে একে দশম শ্রেণীর পূর্ণাঙ্গ রূপ দেওয়ার বাস্তবমুখী পরিকল্পনা ও প্রস্তুতি চলমান রয়েছে।
বর্তমানে আন্তর্জাতিক মানের এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে ৯ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষার্থীদের স্বপ্নপূরণে ও সুষ্ঠু ব্যবস্থাপনায় নিয়োজিত আছেন ৩৮ জন অভিজ্ঞ শিক্ষক, ৮ জন দপ্তর কর্মকর্তা, ৪ জন আয়া এবং সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকা ৬ জন কর্মীসহ মোট ৫৬ জনের একটি দক্ষ ও পরিশ্রমী স্টাফ প্যানেল।
আজকের এই বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অভিভাবকদের উপস্থিতি প্রমাণ করে যে, অ্যাডভান্টেজ ইন্টারন্যাশনাল মিশন স্কুল গোপালগঞ্জের মানসম্মত শিক্ষা প্রসারে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।