সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: গোপালগঞ্জে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল ১০টায় গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুকের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, শিশুদের পুষ্টিহীনতা ও ভিটামিন ‘এ’-এর ঘাটতি দূর করতে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি জানান, গোপালগঞ্জে এবার ১ লাখ ৭৬ হাজারেরও বেশি শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে পূর্ণাঙ্গ স্বাস্থ্য ইউনিটে উন্নীত করা, নাগরিকদের জন্য স্বাস্থ্য কার্ড চালু, কমিউনিটি হেলথ ওয়ার্কার্সের সংখ্যা বৃদ্ধি, প্রতিটি উপজেলায় ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল নির্মাণ এবং উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য সহজলভ্য অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করাসহ শিশুদের পুষ্টিহীনতা রোধে বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়নের কথাও জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, গোপালগঞ্জ মেডিকেল কলেজ, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং দেশের দ্বিতীয় ডেন্টাল কলেজের কার্যক্রম দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে দক্ষিণাঞ্চলের মানুষ আধুনিক স্বাস্থ্যসেবা থেকে উপকৃত হতে পারেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ গোলাম মোরশেদ মোল্লা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক সাবিনা পারভীন, গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের পরিচালক ডা. শাহীন ইকবাল, জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. শ্যামল কুমার রায়, ডা. মোহাম্মদ কাওছার হোসেনসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সরকারের স্বাস্থ্যসেবা উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।